ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৮, মিরপুরে ১২৩, গুলশানে ৪৪, উত্তরা বিভাগে ৫৪ এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়।
এ ছাড়া ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, বিদেশি ও দেশি মদ, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ট্যাপ ও ২১ দশমিক ২ লিটার ওষুধের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।