মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আকরাম পয়েন্ট থেকে ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস আনা হবে। এরপর ওই গ্যাস ব্যবহার করে সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।
এ ছাড়া মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আগামী অক্টোবরে মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে। এতে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং মোংলাকে একটি শিল্প হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের উন্নয়ন নিশ্চিত এবং রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।