বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শাবনূরের রহস্যময় পোস্ট, কিসের ইঙ্গিত?

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—মাত্র পাঁচ শব্দের এই ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ না করলেও, সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে চলমান আলোচনা এবং মামলায় নতুন মোড়ের মধ্যে তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র পাঁচ শব্দের একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা শাবনূর।

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—এই বার্তায় কোনো ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি। তবে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা চলার মধ্যেই পোস্টটি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় বিভিন্ন সময়ে শাবনূরের নামও আলোচনায় এসেছে। কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তুললেও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।

এদিকে সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় এসেছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের আগের জবানবন্দির বিভিন্ন তথ্য সাংবাদিকদের জানান। সেখানে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, জবানবন্দিতে সালমান শাহকে অচেতন করা এবং পরে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর অভিযোগের কথা উঠে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়াতেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি দীর্ঘদিনের। নতুন করে মামলার কার্যক্রম এবং ডন হকের গ্রেপ্তারের পর সেই আলোচনা আবারও সামনে এসেছে।

এরই মধ্যে শাবনূরের রহস্যময় পোস্টে নতুন কৌতূহল তৈরি হলেও, তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন—তা স্পষ্ট করেননি।

সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকেই নানা গুঞ্জন ছিল। তবে শাবনূর বরাবরই দাবি করেছেন, সালমান শাহকে তিনি ভাইয়ের মতো দেখতেন। সালমান শাহর মা নীলা চৌধুরীও সম্প্রতি এই বক্তব্যকে সমর্থন করেছেন।

১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। জনপ্রিয় এই জুটির সিনেমাগুলোর বেশিরভাগই দর্শকপ্রিয়তা পায়।

তবে শাবনূরের সাম্প্রতিক পোস্টটি সালমান শাহর মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে এখনো তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ‘মিথ্যা সাময়িক, সত্য চিরস্থায়ী’—এই বার্তার প্রকৃত ইঙ্গিত কী, তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page