৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আর এই নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। ফলে তিনি দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারবেন।
তবে এখনো কাকে ভোট দেবেন, এমনকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না—সেটিও নিশ্চিত করেননি গাজী নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ভোটের দিন দুপুর ১২টার দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ৩৪৯ জন সংসদ সদস্য এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে আটজন স্বতন্ত্র সংসদ সদস্য নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
দীর্ঘ ৩৫ বছর পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দেন কি না, আর ভোট দিলে কাকে সমর্থন করেন—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।