স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় বের হন তিনি। পরে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দীপু মনির নিরাপত্তায় দুটি পুলিশের গাড়ি ও প্রিজন ভ্যানে মোট ৩৮ জন পুলিশ সদস্য ছিলেন। সন্ধ্যা ৬টার মধ্যে তাকে কারাগারে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার দীপু মনির আইনজীবী চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসনের অনুমোদনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তি মঞ্জুর হয়।
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
আজ সকালে তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন দীপু মনি। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।