ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উৎসবটির ৭০তম আসর। ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত ১০টি সিনেমার মধ্যে রয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
নির্মাতা জানিয়েছেন, লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় এর আগে কোনো বাংলাদেশি সিনেমা জায়গা করে নিতে পারেনি। ফলে এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসব এবং কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। বিয়ের প্রস্তুতি নিতে আসা এক তরুণী ধীরে ধীরে সৌন্দর্য, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে এক রহস্যময় জগতে জড়িয়ে পড়ে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এছাড়া রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে অভিনয় করেছেন।
বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি করেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।