ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে তেহরানের সঙ্গে সমঝোতা না হওয়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে আসার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ফলে দেশটি নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্নতার মুখে পড়তে যাচ্ছে।
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ও ভুয়া কোম্পানির কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্প তার ঘোষিত পদক্ষেপকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোকে ইরানকে আরও বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের অর্থপ্রবাহ বন্ধে তেল, নৌ ও আর্থিক খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে।
বিশ্লেষকদের ধারণা, এবার চীন, তুরস্ক ও ইরাকের ওপরও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। তবে চীন মার্কিন নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানালে বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।