সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের লক্ষ্যে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাহিনীটি।
শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম থামিরামপাড়া ও জিলাইপাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমএইচপি, এএমসি-এর নেতৃত্বে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।
ক্যাম্পেইনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং চিকিৎসা-সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।
৫৭ বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।