বাল্টিক সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদ অবরুদ্ধ করার চেষ্টা হলে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
ন্যাটো সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নথিতে বুধবার মস্কো জানায়, কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো—এমন সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে রয়েছে।
তবে রাশিয়ার এই হুমকি উড়িয়ে দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং মস্কোর উচিত পারমাণবিক হুমকি বন্ধ করা। সরাসরি সংঘাতে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনোই জয়ী হতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মতো ন্যাটো সদস্য দেশবেষ্টিত কালিনিনগ্রাদ রাশিয়ার বাল্টিক ফ্লিট ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ ঘাঁটি।
এদিকে ইউক্রেন যুদ্ধকে ঘিরে পূর্ব ইউরোপে বাড়ছে উত্তেজনা। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন এবং বাল্টিক সাগরে রুশ যুদ্ধজাহাজের সঙ্গে ডেনিশ সামরিক হেলিকপ্টারের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।