ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ সিনেমার প্রচারণার মঞ্চে শুভশ্রী গাঙ্গুলীর কপালে হঠাৎ চুমু দিয়েছেন অভিনেতা দেব। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেব-শুভশ্রীর রসায়ন নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা।
২৯ সেপ্টেম্বর আগরতলার চিলড্রেনস পার্কে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট। সেখানে সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ দেব ও শুভশ্রী একসঙ্গে পারফর্ম করেন। একপর্যায়ে শুভশ্রীর কপালে চুমু দেন দেব। আর সেই মুহূর্তের ভিডিওই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন দর্শকরা। কেউ তাদের রসায়নের প্রশংসা করেছেন, আবার কেউ মজার ছলে করেছেন নানা মন্তব্য।
দেব ও শুভশ্রীর জুটি নিয়ে অবশ্য এর আগেও বহুবার আলোচনা হয়েছে। তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে, সে কথাও বিভিন্ন সময় জানিয়েছেন দেব।
প্রসঙ্গত, ‘দেশু ৭’ দেবের ৫০তম সিনেমা। এতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে।