ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
রাজধানী রোমে দলীয় যুব সংগঠনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জানান, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হবে।
পরিকল্পনা অনুযায়ী, একটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি স্কুলে একীভূত হতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতার বিষয়টিও প্রস্তাবে রাখা হবে।
বোরকা ও নিকাব প্রসঙ্গে মেলোনি বলেন, স্কুলে শিক্ষার্থীদের মুখ খোলা রাখতে হবে। ধর্ম বা সংস্কৃতির অজুহাতে নারীর মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইতালিতে বর্তমানে প্রশাসনিক নির্দেশনায় সাধারণভাবে একটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ রাখার ব্যবস্থা রয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে বিতর্ক রয়েছে।
সম্প্রতি ভেনিসের মেস্ত্রে এলাকার একটি স্কুলে বিদেশি শিক্ষার্থীর আধিক্য এবং ভাষাগত সমস্যাকে ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সরকারের নতুন উদ্যোগ নিয়ে ইতোমধ্যে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে।