আগামীকাল বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধন করবেন।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল তিনটায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন তিনি। রাত নয়টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।