অপারেশন ক্লিন হার্টের মতো কোনো যৌথ অভিযান পরিচালনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এসব অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ জানান, আনসার বাহিনীর আধুনিক ও বৃহৎ সদর দপ্তর নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয় ৩ দশমিক ৪২৮ একর জমি বরাদ্দ দিয়েছে। খিলগাঁওয়ের বর্তমান সদর দপ্তরের জায়গা সংকট ও যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতেই তেজগাঁওয়ে নতুন অবকাঠামো গড়ে তোলা হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত ভিডিপি সদস্য রয়েছে। কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে কোনো অপশক্তি দেশে অস্থিরতা তৈরি করতে পারবে না।
এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। রাস্তা খনন ও নির্মাণকাজেও যানজট কমাতে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত রাস্তা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।